তালার ২৫টি প্রতিবন্ধী পরিবারে বিশুদ্ধ পানি

“বর্ষার সময় আমার ঘর-বাড়ি পানির নীচে ডুবে থাকে। চারিদিকে তাকালে পানি ছাড়া কিছুই দেখা যায় না। তবে সে পানি খাওয়া যায় না। বহুদূর গিয়ে খাবার পানি আনতে হয়। সিডিএমপি নামে একটি সংস্থা আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। সোলার ওয়াটার সিস্টেমে এখন বিশুদ্ধ পানি পাওয়া যাবে। এখন আর বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাতে হবে না।” এমনইভাবে কথাগুলো বলেন সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের প্রতিবন্ধী আব্দুল কালাম মোড়ল। এ প্রসঙ্গে সিডিএমপি কর্মকর্তা ড. আব্দুল লতিফ খান জানান, সারাদেশের মধ্যে বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার তালা উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই দু’টি উপজেলায় ২৫টি করে মোট ৫০টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আগামিতে আরো উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জান গেছে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের আওতায় উপজেলায় ২৫টি পঙ্গু (প্রতিবন্ধী) পরিবারের মাঝে ‘সোলার ওয়াটার সিস্টেম’ বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে। প্রতিটি পরিবারে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয়ে এই সোলার ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পরিবারগুলোর বিশুদ্ধ পানির সমস্যা হবে না।