পাথরঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বরগুনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রবিবার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম হচ্ছে, আবদুস সালাম। বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামে। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিল না, সে পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০০৪ সালের ১৪ আগস্ট রাতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় আকলিমা আকতারকে (৩৫) তার স্বামী মাছ ধরার কথা বলে ঘুটাবাছা বিলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। আকলিমার মা নুরজাহান বেগম বাদি হয়ে এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আবদুল হামিদ।