মির্জাপুরে তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাগণ (তদন্ত কমিটি) দিনভর সাঁড়াশি অভিযান চালিয়েছে। গতকাল রবিবার তদন্ত কমিটির কর্মকর্তাগণ মির্জাপুর বাজার, পুষ্টকামুরি, ইউনিয়নপাড়া, বাওয়া-কুমারজানি রোড, বাইমহাটি, বিশ্বরোড এলাকা, পালপাড়া এবং মির্জাপুর সাহাপাড়ার মুসলিমপাড়ায় অভিযান চালায়। সাঁড়াশি অভিযানে অবৈধ গ্যাস সংযোগের ঘটনার সত্যতা পেয়ে ২০জন গ্রাহকের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেছেন। মামলার বাদী তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের ডেপুটি ম্যানেজার মাহবুব মোস্তফা। ফলে বন্ধ হয়ে গেছে অবৈধ গ্যাস সংযোগ। কিন্তু অবৈধ সংযোগ প্রদানের মূল হোতারা (দালালচক্র) এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। রহস্যজনক কারণে দালালচক্রের কাউকে মামলায় জড়ানো হয়নি। কারো নামে কোন মামলা না হওয়ায় তিতাস গ্যাস টাঙ্গাইল অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবৈধ গ্যাস কারবারের বিস্তারিত তুলে ধরে দৈনিক ইত্তেফাকে গত শনি ও রবিবার পর পর দু’টি ধারাবাহিক সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ-এর ম্যানেজার সুরুজ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ গ্রাহকের তালিকা তৈরি করে তদন্ত কমিটি মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়া যে সব ঠিকাদার বা দালালচক্র এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত অফিস থেকে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।