সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:২০
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি \ খোয়াজা গিনি হাউজ নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ও ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, মামুন অর রশিদ, হাফিজুর রহমান, খলিলুর রহমান প্রমুখ।
বামনায় ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্তদের আবাসন মেরাতম ও পুনঃনির্মাণ বাবদ এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বরগুনার জেলা প্রশাসক সোমবার বামনা উপজেলার অনুকূলে এক কোটি টাকার বরাদ্দপত্র প্রেরণ করেন। উপজেলার চারটি ইউনিয়নে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গৃহাদির পুনঃনির্মাণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত গৃহাদির মেরামতকল্পে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও একজন ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা কৃষি অফিসারকে সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারকে সদস্য-সচিব করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
লোহাগাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল খালেক উপজেলাভিত্তিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। লোহাগাড়া উপজেলা পরিষদ কর্তৃক ২০১৩ সালে মনোনীত হন তিনি। গত ১ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন শিক্ষক ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে।
তেরখাদায় গাঁজা ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড
তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. তবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. কামরুল ইসলাম গাঁজা ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রবিবার র্যাবের ডি এ ডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর লোকাশিত চাকমা অভিযান চালিয়ে শেখপুরা কামরুলের ঘর থেকে ৪ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।
তাড়াইলে উপবৃত্তির প্রশিক্ষণ কর্মশালা
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি’ প্রকল্পের আওতায় এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত রবিবার অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূঞা, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান প্রমুখ।
বিরামপুরে আশার স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আশা-দিনাজপুর (বিরামপুর) জেলার বিরামপুর-২ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। রবিবার উপজেলার কল্যাণপুর গ্রামে বিরামপুর-২ ব্রাঞ্চের ‘কেয়া’ ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে ‘মশা-মাছিবাহিত রোগ ও তার প্রতিরোধ’ বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন আশা-দিনাজপুর (বিরামপুর) জেলা ব্যবস্থাপক আহসান হাবিব।
হবিগঞ্জ পৌরসভায় ৩৫ কোটি টাকার বাজেট
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ পৌরসভায় ২০১৩-১৪ অর্থবছরে ৩৫ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৩৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। রবিবার পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র জি কে গউছ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৪ লাখ ১৩ হাজার ৭৪০ টাকা। ঊদ্বৃত্ত দেখানো হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৬০১ টাকা।
নাঙ্গলকোটে সামাজিক বনায়ন কমিটির সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা পরিবেশ ও সামাজিক বন বিভাগের এক সভা রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র সামছুদ্দিন কালু, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, রেঞ্জ কর্মকর্তা অরুণ বরুণ চৌধুরী প্রমুখ।
গঙ্গাচড়ায় বড়বিল ইউনিয়নের বাজেট ঘোষণা
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট রবিবার ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান কাজল মো. নূরন্নবীর সভাপতিত্বে পরিষদ মাঠে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু।
জয়পুরহাটে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে রবিবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত গ্রাহক সংগ্রহ পক্ষ উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক দেওয়ান রেজাউন নবীর সভাপতিত্বে ব্যাংক কার্যালয়ে আয়োজিত সমাবেশে গ্রাহক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সঞ্চয় সম্পর্কে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়।
ইটনার চৌগঙ্গা ইউপির বাজেট ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ইটনা উপজেলার চৌগঙ্গা ইউনিয়নের বাজেট ঘোষণা ও উন্মুক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চৌগঙ্গা শহীদ স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চৌগঙ্গা ইউপি চেয়ারম্যান মো. ছাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সচিব মো. শাহজাহান আকন্দ ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
তালায় গাঁজা সেবনকারীর এক বছর জেল
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. বাবলুর রহমান (৩৫) নামের এক গাঁজা সেবনকারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে তালা উপজেলার ধূলান্ডা গ্রামের মো. দলিলউদ্দীন বিশ্বাসের পুত্র। পুলিশ জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাবলুর রহমানকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সৈয়দপুরের মেয়র মাদার তেরেসা পদক পাচ্ছেন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ মাদক বিরোধী কর্মকাণ্ডসহ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৩ পাচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে এ স্বর্ণপদক প্রদান করবে বলে জানা গেছে।
চাটখিলে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ একটিভ গ্রুপের স্বত্তাধিকারী চাটখিল উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবিরকে রবিবার বিকেলে তার নিজ গ্রাম মোহাম্মদপুর ইউনিয়নের মলংমুড়ী গ্রামবাসী এক বিশাল গণসংবর্ধনা প্রদান করে। মলংমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্যার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিক উল্যাহ্ বিএসসি, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলম, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, প্রবীণ শিক্ষক বাবু কৃষ্ণ, পৌর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ।
জগন্নাথপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ সালের এস এসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ৪টায় ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট জেলা পশ্চিম সভাপতি জুবায়ের আহমদ। ইউপি শাখার সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মজলিস নেতা জুনায়েদ আহমদ, আব্দুর রব।
সিরাজদিখানে নসিমন চাপায় যুবক নিহত
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার সৈয়দপুর এলাকায় নসিমনের চাপায় সজিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার রাজানগর ইউনিয়নের গকুলনগর গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে।মাওয়া ঘাটে মাছ বিক্রি করে সজিবসহ চার/পাঁচজন নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর এলাকায় নসিমনের সামনের চাকা ফেটে যায়। এতে নসিমন উল্টে গেলে সজিব এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকালে সজিবের মৃত্যু হয়।
ত্রিশালে আওয়ামী লীগের আহবায়ক কমিটি
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শামছুদ্দিন আহমেদকে আহবায়ক ও গৌরাঙ্গ কুমার শাহা, নজরুল ইসলাম সরকার, আব্দুল কদ্দুছ মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল বারেক মেম্বার, তাফাজ্জল হোসেন সরকার, গোলাম মাওলা মেম্বার, মামুদ আলী, বোরহান উদ্দিন, ছাইফুল ইসলাম ও রফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ১৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট রেজা আলী অনুমোদন দেন।
সিরাজদিখানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজদিখান উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক অহিদুল ইসলাম অহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজদিখান ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর হোসেন, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোয়ার মোর্শেদ মাসুদ, জৈনসার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রাসেল, রশুনিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাসেল খান, মো. মাসুদ প্রমুখ।
কসবায় বিআরডিবি’র প্রশিক্ষণ শুরু
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল সোমবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবি’র বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উত্পাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচির প্রযুক্তিগত কলাকৌশলের উপর অভীষ্ট উপকারভোগী সদস্যদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ভুঁইয়া বকুল।
দৌলতপুরে জাসদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর রাজধানীর দারুসসালামের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাসদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সোমবার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা জাসদের আহবায়ক অধ্যক্ষ রেজাউল হক, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় যুব জোটের সহ-সভাপতি শরিফুল কবীর স্বপন, জাসদ নেতা আশরাফুল ইসলাম নান্নু মাস্টার, ছহির উদ্দিন, তমিজ উদ্দিন মাস্টার, উপজেলা যুব জোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগের তছিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।
কুমিল্লার শ্রেষ্ঠ চেয়ারম্যান সেকান্দর আলী
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে ইউনিয়নভিত্তিক কার্যক্রমে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা অর্জন করেছেন আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী। জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
মধুখালীতে মত্স্য উন্নয়ন বিষয়ে মতবিনিময়
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মত্স্য অফিসের আয়োজনে বৃহত্তর ফরিদপুর জেলার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়রম্যান মফিজুর রহমান মঞ্জু। আলোচনায় অংশগ্রহণ করেন ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে বদরুজ্জামান বাবু, সাব্বির হোসেন, আব্দুর রহিম ফকির, সাহাবুদ্দিন সতেজ, মো. ইদ্রিস মোল্লা, সামছুল আলম বাচ্চু, মো. লুত্ফর রহমান, শাহ্ আছাদুজ্জামান।
মির্জাপুরে মোটরসাইকেলের শো-রুম উদ্বোধন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে থানা রোডে আন্তর্জাতিকমানের ব্র্যান্ড টিবিএস মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিবিএসের (সিও) মো. রিয়াজ আহম্মেদ এবং উদ্বোধক ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ।
আত্রাইয়ে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক আহত
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষকসহ ৩জন গুরুতর আহত হয়েছে। রবিবার সুদরানা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের দিন ধার্য ছিল। সে অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম বিধি মোতাবেক গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন করেন।
নরসিংদীতে নারীর প্রতি সহিংসতারোধে কর্মশালা
নরসিংদী প্রতিনিধি \ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা রবিবার নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মত্ সুরাইয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রংপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময়
রংপুর প্রতিনিধি \ রংপুরে ‘নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পল্লীশ্রী ইউনিটের আয়োজনে রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী রংপুর ইউনিটের প্রোগ্রাম ফ্যাসিলেটেটর রেজাউল করিম।
লাকসামে যুবলীগের সম্মেলন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জালাল স্মরণী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সভাপতি ফয়জুল আলম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা।
ঝিনাইদহে জামায়াতের পৌর আমির গ্রেপ্তার
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ জামায়াতের ঝিনাইদহ পৌর আমির ছগির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার হরিণাকুন্ডু উপজেলার ভালকী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শহরের কাঞ্চনপুরে।