গণজাগরণের মিছিলের পর শাহবাগে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:৫৫
জামায়াতে ইসলামীর হরতালের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিলের পরপরই রাজধানীর শাহবাগে দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে কেউ আহত কিংবা গ্রেফতার হননি। জামায়াতের হরতাল ও ককটেল বিস্ফোরণের নিন্দা জানিয়ে গতকাল মশাল মিছিলও বের করে মঞ্চ ।
হরতালের প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করে গণজাগরণ মঞ্চের সংগঠক-কর্মীরা। ‘জামায়াত-শিবিরের হরতাল মানি না মানবো না’ লেখা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে ফিরে যান। শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমাদের আগের ঘোষণা অনুসারে জামায়াত যখনই হরতাল ডাকবে, গণজাগরণ মঞ্চ এবং সাধারণ মানুষ সেখানেই তাদের প্রতিহত করবে। জামায়াত ও তাদের হরতালকে জাতি ঘৃণাভরে প্রতাখ্যান করেছে। তারা নানাভাবে রাজপথ উত্তপ্ত করছে। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বিলম্বিত করা যাবে না। খুব দ্রুততম সময়ে এ বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। অতি দ্রুত ট্রাইব্যুনালের রায় কার্যকর করতে হবে। প্রয়োজনে জনগণ আবারও রাস্তায় নামবে। মিছিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু, তানভীর রুসমত, মারুফ রসুল।
এদিকে মিছিল শেষে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীদের ফিরে যাবার কিছু সময় পর দুপুর পৌনে একটার দিকে জাতীয় জাদুঘরের মূল ফটকের বিপরীত দিকের সড়কে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। সেখানে তখন কেউ ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বিস্ফোরণের পর শাহবাগ এলাকায় অতিরিক্ত নজরদারি ও তল্লাশি করছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে।