হাজীগঞ্জে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে বিএনপি জামায়াত কর্মীরা

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাদশার চোখ উপড়ে ফেলেছে বিএনপি-জামায়াত কর্মীরা। ইউনিয়নের দেশগাঁও এলাকায় গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনায় এই যুবলীগ নেতাসহ ৬ জন আহত হন। আহতরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম বাদশা, যুবলীগ নেতা মো. শরীফ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান ও ছাত্রলীগ নেতা মো. আবদুর রহিম। এদের মধ্যে আবুল কালাম বাদশা ও মো. শরীফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লায় রেফার করা হয়েছে। থানার ওসি আবুল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বিএনপি কর্মী রমজান ও আবদুল বাতেন নামের ২ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, রবিবার সকালে ডাটরা শিবপুর বাজারে তালের লেপা নিয়ে সালিশি বৈঠক বসে। ওই সালিশে বিএনপির কর্মী আলী ও জামায়াত শিবিরের কর্মী সাদ্দাম ইউপি সদস্য সাবের হোসেনকে লাঞ্ছিত করে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘটনার বিষয় জানতে গেলে বিএনপি সমর্থক ও জামায়াতের কর্মীরা একত্রিত হয়ে অতর্কিত আক্রমণ করে।