চট্টগ্রাম মেডিক্যালের ৬টি আবাসিক ভবন পরিত্যক্ত ঘোষণা
মুহাম্মদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:৫৮
চট্টগ্রাম মেডিক্যালের কর্মচারীদের ঝুঁকিপূর্ণ ৬টি আবাসিক ভবন গতকাল সোমবার পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বসবাসকারীদের দ্রুত সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। হঠাত্ বাসা ছেড়ে দেয়ার নির্দেশে বিপাকে পড়েছে এসব ভবনে বসবাসকারী সীমিত আয়ের ৪৮টি পরিবারের কয়েকশত সদস্য।
সূত্র জানায়, গত শনিবার তিনতলা বিশিষ্ট একটি ভবন মেরামতের সময় অংশ বিশেষ ভেঙে পড়ে। সোমবার উক্ত ভবন থেকে সকল পরিবার সরিয়ে নিয়ে সিলগালা করে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ ভবন থেকে বসবাসকারীদের সরিয়ে দিতে সহায়তা করেছেন। পাশে কর্মচারীদের আরো ৫টি আবাসিক ভবন রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এসব ভবনে বসবাস করেন। মেডিক্যাল সূত্র জানায়, স্বাধীনতার পূর্বে তিনতলা বিশিষ্ট এসব ভবন নির্মাণ করা হয়েছে। ভবন মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগে।
গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের সাথে মেডিক্যাল কর্তৃপক্ষের এক জরুরি বৈঠকের পর ৬টি ভবন পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত হয়।
মেডিক্যাল কর্তৃপক্ষ জানায়, মেয়াদোত্তীর্ণ কোয়ার্টারগুলো ভেঙে নতুন করে নির্মাণের জন্য গণপূর্তকে চিঠি দিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী সজল বিশ্বাস ইত্তেফাককে বলেন, ‘মেডিক্যালের কোয়ার্টারগুলো নির্মাণ করতে হলে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন নিতে হবে। আমাদের অনেক কোয়ার্টার ঝুঁকিপূর্ণ রয়েছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’