জামিন পাওয়া আসামিদের সঙ্গে এমপির বৈঠক নিয়ে উত্তেজনা
মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:৫৯
আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা। সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত ইকবাল আজাদের হত্যা মামলার জামিন পাওয়া কয়েকজন আসামির সাথে স্থানীয় এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার গোপন বৈঠকের পর এমপিকে যুবলীগ নেতার হত্যার হুমকির ঘটনায় সরাইলে তোলপাড় চলছে। এদিকে সংসদ সদস্যকে হত্যার হুমকির পর সরাইলে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংগ্রহ করা হচ্ছে গোয়েন্দা তথ্যও। তবে তাকে হত্যার হুমকিদাতা সেই যুবলীগ নেতার পরিবারের পক্ষ থেকে এমপির কাছে ক্ষমা চাওয়া হয়েছে। সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত বলেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইকবাল আজাদ হত্যা মামলার জামিন পাওয়া আসামি মোঃ আব্দুল জব্বার, আনব আলী ও সোহেলসহ কয়েকজন সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সাথে তার বাড়িতে গোপন বৈঠকে বসেন। ইকবাল আজাদ সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট জয়নাল উদ্দিন বলেন, মামলা প্রভাবিত করতেই এ বৈঠক করা হয়েছে। এ ব্যাপারে জিয়াউল হক মৃধা বলেন, ইকবাল আজাদ হত্যা মামলায় জামিনে আসা কয়েকজন আমার বাড়িতে এসেছিল সুখ-দুঃখের কথা বলতে। একজন জনপ্রতিনিধি কিংবা আইনজীবী হিসেবে তারা আমার কাছে আসতে পারে। তাদেরকে তো আমি চলে যেতে বলতে পারি না। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার পর পাহলবী নামে এক যুবলীগ নেতা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দিয়ে বলেছেন, “তোকে তো আগেই সরিয়ে দেয়া দরকার ছিল। এখন আর তোকে রাখব না”। তবে ঘটনার পর বিষয়টি নিয়ে তার পিতা হাফিজুর রহমান, চাচা দুধ মিয়া মাস্টার এবং ভাইয়েরা একাধিকবার ফোনে এবং বাড়িতে এসে আমার কাছে ক্ষমা চান। এ ঘটনার জন্য জেলা যুবলীগের সভাপতিও দুঃখ প্রকাশ করেন। আপাতত আইনী কার্যকলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেন এমপি। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, সরাইলের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে।