ছাত্রলীগ সভাপতিকে মারধর
হাজীগঞ্জে দুই এসআই প্রত্যাহার
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:৫৯
চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি মোঃ শুকুর আলম শুভকে মারধর করার কারণে থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন সৈয়দ জাহিদুল হক ও মোঃ বিল্লাল হোসেন।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানার এসআই সৈয়দ জাহিদুল হক ও মো. বিল্লাল হোসেন একদল পুলিশ নিয়ে পৌরসভাধীন খাটরা বিলওয়াই গ্রাম থেকে দাম্পত্য কলহের সূত্র ধরে এক গৃহবধূকে উদ্ধার করেন। উদ্ধারের সময় তার দেবর ছাত্রলীগ নেতা হান্নান হোসেন পুলিশকে বাধা দেন। পরে সন্ধ্যার দিকে হান্নান তার সহকর্মীদের নিয়ে থানার সামনে জড়ো হন। খবর পেয়ে শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম ঘটনা জানার জন্য থানায় গেলে পুলিশ বাধা দেয়।
শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ জানান, থানায় ঢোকার সময় এসআই জাহিদুল হক ও বিল্লাল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন কনস্টেবল তাকে বিনা দোষে লাঠিপেটা করেন। খবর পেয়ে নেতাকর্মীরা এক ঘণ্টা থানা ঘেরাও করে রাখেন। এসআই ও কনস্টেবলদের তাত্ক্ষণিক প্রত্যাহারের দাবি জানান তারা। পরে উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের তরফে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া হয়। ঐ সময়সীমার মধ্যেই দুই এসআইকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন দুই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এসআই সৈয়দ জাহিদুল হক ও বিল্লাল হোসেন দাবি করেছেন, ‘তারা শুকুর আলমকে মারধর করেননি। নেতাকর্মীদের থামাতে পুলিশ লাইন থেকে আসা কনস্টেবলরা লাঠিচার্জ করে। এ সময় আমরাও মার খেয়েছি।’ কিন্তু বিনা অপরাধে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।