রোহিঙ্গারা সারাবিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি বলেন, বিশ্বে অনেক সমস্যা আছে, তার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে আন্তরিকভাবে কাজ করতে হবে। রোহিঙ্গা      ইস্যুতে তিনি গতকাল শুক্রবার বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা কলেন। ব্রিটিশ হাইকমিশনার এ সময় আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অনেক সাফল্য এসেছে। গণতন্ত্রের পথে বিরোধী দল-মতকে আরো স্পেস (সুযোগ) দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে এবং উজ্জীবিত করতে হবে। এর আগে সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে স্পিডবোটে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। পরে তিনি বরিশালের বিভাগীয় জাদুঘর এবং ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বরিশালের প্রাকৃতিক  সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান তিনি।

সফরসঙ্গীদের নিয়ে দুই দিনের সফরে গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল আসেন ব্রিটিশ হাইকমিশনার। ওইদিন বিকেলেই তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট পৌঁছে দেন বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে।