স্বতন্ত্র এমপি আজিম বললেন

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর প্রস্তাব মড়ার উপর খাঁড়ার ঘা

সংসদের একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম গতকাল সংসদে বলেছেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গরীব দেশের মানুষের উপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা। তাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নয়, বিকল্প উপায় খুঁজে এই সেতু নির্মাণ করতে হবে। সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সোমবার তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ফজলুল আজিম আরো বলেন, বিরোধী দল সংসদে অংশ নিয়েছে। আমি কয়দিন অনুপস্থিত ছিলাম। সংসদীয় গণতন্ত্র অব্যাহত রাখতে বিরোধী দল দীর্ঘদিন পর সংসদে এসেছে এই জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনো তারা সংসদে এসে পৌঁছেনি। আশা করছি শিগগিরই পৌঁছাবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে একথা উল্লেখ করে আজিম বলেন, প্রতিদিন চলছে হত্যা, গুম ও অপহরণ। হেফাজতে ইসলামের সমাবেশে লোক মারা যাওয়ার অভিযোগ উঠলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোন কথা বললেন না। দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। তা সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। বিরোধী দল বিএনপিসহ সকল দলের আস্থা নিয়ে নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক হবে নাকি অন্তবর্তীকালিন সরকার হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।