পুলিশের ঝুঁকি ভাতা ৩০ শতাংশ
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২৩:০১
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত কর্মকর্তাদের জন্য শতকরা ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে তিনি সংসদকে এ কথা জানান।
আসমা জেরীন ঝুমুর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত ঝুঁকি ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রহণ করতে ২৯ মে অর্থ বিভাগে একটি চিঠি দেয়া হয়েছে। এই ভাতা প্রদানের জন্য সরকারের ৩২১ কোটি ৩২ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হবে। এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, সেচ মওসুমে ডিজেল ও সারসহ অন্যান্য দ্রব্য পাচার বন্ধে সীমান্তে ১২৪টি বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) তৈরি করা হয়েছে। আরো ২১টি বিএসপি প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এ সংখ্যা ১২৫টিতে উন্নীত করার চিন্তা-ভাবনা রয়েছে। এছাড়া বিওপি থেকে বিওপির দূরত্ব কমানোর জন্য সীমান্তে আরো ১১টি ব্যাটালিয়ন বিজিবি এবং ১৫৪টি বিওপি নির্মাণ করা হচ্ছে।