আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ সংঘর্ষ ভাংচুর

আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু দাবিতে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের কর্মসূচি চলার সময় কয়েকটি গার্মেন্টসে ভাংচুর করা হয়। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত হয় কমপক্ষে ১০ জন। শ্রমিক বিক্ষোভের মুখে দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। অন্য একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল এলাকার ফাউন্টেন, পলাশবাড়ী এলাকার ড্রেসআপ, চারাবাগ এলাকার অন্বেষা গার্মেন্টস এবং পলাশবাড়ী এলাকার পিজিসিএল পার্ল গার্মেন্টস এর শ্রমিকরা যাতায়াত ও টিফিন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে এ বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্য করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।