বিএসএফের গুলিতে ফুলবাড়ী সীমান্তে দিনমজুর গুলিবিদ্ধ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২৩:০৯
দুই স্কুল ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ৩দিন পার হতে না হতেই কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আবারো বিএসএফের এলোপাতাড়ি গুলিবর্ষণে এক বাংলাদেশি দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সীমান্তবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার অনন্তপুর ভেল্লীরতল সীমান্তের ৯৪৬ নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৫নং সাব পিলারের নিকটবর্তী বাংলাদেশি নোম্যান্সল্যান্ডের জমিতে কয়েকজন দিনমজুর পাটক্ষেত নিড়াতে গেলে ঝিকরী ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় বাংলাদেশি ভেল্লীরতল গ্রামের আইয়ুব আলীর পুত্র দিনমজুর নূর ইসলাম(২৮) পায়ে গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে ৪৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রায় মোহন জানান, গুলি নয় বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।