রাজস্ব ফাঁকির অভিযোগ
ঢাকার সাব-রেজিস্ট্রার অফিসগুলোর দুর্নীতির তদন্তে দুদক
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২৩:০৯
সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকা জেলার ১৯টি সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক কেএম মেজবাহ উদ্দিনকে প্রধান করে সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। তবে এ অনুসন্ধান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন দুদকের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম। উল্লেখ্য, ঢাকা জেলার ১৯টি সাব-রেজিস্ট্রার অফিসে প্লট ও ফ্ল্যাট বিক্রির সময় দলিল মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কমিশনের অনুসন্ধান টিম রাজধানীর মোহাম্মদপুর, গুলশান ও সূত্রাপুর থানার সাব-রেজিস্ট্রার অফিসে অনুসন্ধান চালিয়েছে। এসব অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা থেকে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম ঢাকা জেলার ১৯টি সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে প্রথমে রাজধানীর পাঁচটি অফিসের দুর্নীতি অনুসন্ধান করেছে। পরবর্তিতে পর্যায়ক্রমে বাকি অফিসগুলোতেও অনুসন্ধান করা হবে।