আমি এদেশের ছেলে

এদেশ আমার—আমি এদেশের ছেলে, এর সোনা-ধুলো গায়ে মাখি হেসে-খেলে। পদ্মা, মেঘনা আমার যে সাথী, ব্রহ্মপুত্রে করি মাতামাতি, কর্ণফুলির দুর্গম স্রোতে ভেসে চলি অবহেলে। এদেশ আমার—আমি এদেশের ছেলে\ কৃষাণের মত ধাই মাঠে মাঠে, পশরা মাথায় ঘুরি হাটে হাটে, জেলে নৌকার জাল টেনে টেনে ব’নে যাই পাকা জেলে। এদেশ আমার—আমি এদেশের ছেলে\ হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাই, বিমানের চাকা ঘোরে শাঁই শাঁই, ঈগলের মত সুদূর আকাশে উড়ে যাই ডানা মেলে। এদেশ আমার—আমি এদেশের ছেলে\ বজ্র মুঠিতে ধরি যে নিশান মুখে বেজে ওঠে বিজয়-বিষাণ দামামার তালে চলি সম্মুখে পাষাণের বাধা ঠেলে। এদেশ আমার—আমি এদেশের ছেলে\