ক্যা ম্পা স তা র কা

নিয়মিত চলে নাচের তালিম

কেন নৃত্য করেন জিজ্ঞেস করলে উত্তরে বলেন-নাচ বা নৃত্য বিনোদনের পাশাপাশি মানুষের নেগেটিভ এনার্জি রিডিউস করে। তাছাড়া শরীরকে তো ফিটনেস রাখেই। মেরীলিন শ্রাবণী ঘোষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী। শ্রাবণীর আম্মুর ইচ্ছা ছিল-আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি নৃত্য করবে। আর এই ইচ্ছা থেকেই তৃতীয় শ্রেণিতে পড়াকালীন রাজশাহী শহরের স্থানীয় নৃক্কন শিল্প গোষ্ঠী নামক সংগঠনের মাধ্যমে নৃত্যের জগতে তার পদার্পণ ঘটে। নাচে যে তিনি ভাল সেটার প্রমাণ ঘটে চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ভারতের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পোষ মেলায় নৃত্যে অংশগ্রহণের মধ্য দিয়ে। বাহিরের দেশে নাচে অংশগ্রহণ করতে পেরে তার নাচের প্রতি আগ্রহ বেড়ে যায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত চলতে থাকে নাচের তালিম। আর এর স্বীকৃতিস্বরুপ অর্জন করতে থাকেন জাতীয় পুরস্কার। যেমন ২০০০ সালে শাপলা কুঁড়ি প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অধিকার, ২০০৪ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগতায় স্বর্ণ পদক লাভ, ২০০৫ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লোক নৃত্যে রোপ্য পদক এবং ২০০৬ সালে উচ্চাঙ্গ নৃত্যে (বিভাগীয় পর্যায়ে) প্রথম স্থান হওয়ার গৌবর অর্জন করেন। এছাড়া ২০০৬ সালে চ্যানেল আই’য়ে দর্শক ফোরাম সম্মাননা (নাচ) লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বিভাগের নানা অনুষ্ঠানে শ্রাবণীর নাচের পারফর্মে শিক্ষক-শিক্ষার্থীরা মুগ্ধ। ক্যাম্পাসের নানা সংগঠনের অনুষ্ঠানে শ্রাবণী নাচের পারফর্ম করে থাকেন। তিনি বাড়িতে বিকেলে ছোট ছোট ছেলে-মেয়েদেরকে নাচের তালিম দিচ্ছেন। তিনি বলেন, পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশে আমাদের দেশীয় নাচে বিকৃতি ঘটতে শুরু করেছে। আমি চাই ছোট ছেলে-মেয়েরা দেশীয় নাচে বেড়ে উঠুক। শুধু লাফালাফি আর হাত-পা নাড়ালেই নাচ হয় না। আমাদেরকে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।