কোনো ভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল দৌলতপুরের শেহালা মাদ্রাসার সামনে এবং ঝাউদিয়া চুনিয়ামোড়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এরা হলেন— উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সরদারের স্ত্রী জহুরা খাতুন (৪২) ও মথুরাপুর এলাকার আব্দুল্লাহর মেয়ে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী উষা খাতুন (১৪)। উষা তার চাচা আব্দুল বারেকের মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে পেছন থেকে আসা ট্রলির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে উল্টে গেছে। এতে চা বিক্রেতাসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন—মাধবপুর উপজেলার চা বিক্রেতা আইয়ুব আলী (৬৭) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৪৫)।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়ায় পিকআপভ্যান চাপায় পথচারী রায়হান আলী (৩২) ও সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে হেলপার সাহাদত হোসেন নিহত হন। রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল উপজেলায় টেম্পো উল্টে এক বৃদ্ধ নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত আব্দুল বারেক (৭০) উপজেলার ঘুগী গ্রামের বাসিন্দা।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার পাঁছপাড়ায় গতকাল সকালে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার পাঁছপাড়া গ্রামের মোবারক মিয়ার পুত্র সবুজ মিয়া (৩০)।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শিবগঞ্জে ট্রাকের চাপায় বাইসাইকেল চালক রবিন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিন চকবহরম গ্রামের জোবায়েল ইসলাম কালুর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রানীহাটি কলেজ সংলগ্ন হরিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, উপজেলায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাফ্রিখাল ইউনিয়নের মালতলা মাদারেরহাটে আলু বোঝাই একটি ট্রাক খাদে পড়ে হাসান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হাসান খোর্দ্দ মহদীপুর গ্রামের রমজান আলীর ছেলে। আহত বকুল মিয়া নামে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।