ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ শতাংশ
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২০:৩৫
দেশের শেয়ারবাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে সূচক বাড়ার সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। গতকাল মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৯ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৭১ কোটি ৭১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। গত সোমবার সদস্যদের সরাসরি ভোটে শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক, মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই- নাহরিন, শাহেদ সিকিউরিটিজের আবদুল খালেক শাহেদ পরবর্তী ছয় মাসের জন্য নির্বাচিত হন। জানা গেছে, ডিএসই’র পরিচালনা পর্ষদের মোট সদস্য সংখ্যা ২৪ জন। এর মধ্যে ১২ পরিচালক সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ১২ জন বিভিন্ন পর্যায় থেকে মনোনীত। নির্বাচিত পরিচালকদের মধ্যে প্রতিবছর ৪ জন অবসর গ্রহণ করেন এবং ওই চারটি পদে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সকল পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়। আগামী ১৫ জুন ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় এ পদগুলোতে নির্বাচন করা হবে। মেয়াদ পূর্ণ হওয়ায় ডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমানসহ সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসূল এবং শরীফ আতাউর রহমান এ বছর অবসরে যাবেন।