পালাতে গিয়ে মরার দশা, প্রাণ বাঁচাল ফায়ার সার্ভিস

শাহরাস্তি উপজেলায় মাদকের বিশেষ অভিযান চলছিল। এ সময় এক মাদক ব্যবসায়ী পালাতে গিয়ে আটকা পড়েন মরণ ফাঁদে। তাকে বাঁচাতে পুলিশ শরণাপন্ন হয় ফায়ার সার্ভিসের। দুই বিল্ডিংয়ের ফাঁকে লুকাতে গিয়ে আটকা পড়া মাদক ব্যবসায়ীকে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দেয়াল কেটে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদকের বিশেষ অভিযান চলাকালীন পৌর শহরের পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিস্টেম খোকন (৫২) পালাতে গিয়ে দুই বিল্ডিংয়ের         মাঝখানে আটকা পড়েন। রাত ১১টায় ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ ভূমিকা পালন করে। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল, অফিসার ইনচার্জ মো. শাহ আলম উপস্থিত ছিলেন। আটকে পড়া খোকনকে বাঁচাতে ছুটে আসে স্থানীয় ফায়ার সার্ভিস। তাদের উদ্ধার কাজে সহযোগিতা করতে ছুটে আসে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স।  লিডার মোতালেব তালুকদারের নেতৃত্বে বিশেষ এই টিমটি দেয়াল কেটে তাকে উদ্ধার করে। খোকন দুর্বল হয়ে পড়ায় তাকে খাওয়ার পানি এবং কৃত্রিম বাতাস দেওয়া হয়। রাত দেড়টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শেখ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করি। এক পর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের মাঝখানে আটকে থাকতে দেখি এবং প্রায় আড়াই ঘণ্টা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকের মামলা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জামিনে এসে ফের সে অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে।