নাদাল-ফেদেরারের দুই রকম লক্ষ্য
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:১৮
পেশাদার পুরুষ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন এটিপির নিয়ামানুসারে রোলা গ্যারোতে শিরোপা জেতার পরও র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাতে হয়েছে রাফায়েল নাদালকে। রেকর্ড গড়ে ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখার পর নাদালের নতুন লক্ষ্য তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছানো। অন্যদিকে এ বছর এখনো পর্যন্ত একটি শিরোপাও জিততে না পারা রজার ফেদেরারের লক্ষ্য বছরের দ্বিতীয় ভাগে অন্তত খরাটা কাটানো।
আগের বছর কোন খেলোয়াড় যে টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সেটা এ বছর ধরে রাখতে পারলেও তার র্যাঙ্কিংয়ে কোন পয়েন্ট যুক্ত হবে না। এটিপির এই র্যাঙ্কিং নীতি অনুসারে টানা অষ্টম ফ্রেঞ্চ ওপেন জিতেও নাদালের ঝুলিতে যুক্ত হয়নি কোন পয়েন্ট। উল্টো ডেভিড ফেরারকে চতুর্থ স্থানটি ছেড়ে দিয়ে তাকে চলে যেতে হয়েছে পঞ্চম স্থানে। অথচ টুর্নামেন্টের ফাইনালে ফেরারকে হারিয়েই তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।
তবে এসব নিয়মনীতি মোটেই ভাবতে চান না নাদাল। জয়ের ধারা অব্যাহত রেখেই বছর শেষে পৌঁছাতে চান র্যাঙ্কিংয়ের শীর্ষে। ২৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামনে এখনো ছয়টি মাস আছে। আমি যদি এভাবে খেলতে পারি এবং ইনজুরিতে না পড়ি, তাহলে বছর শেষে এক নম্বর জায়গাটা আমার পক্ষে দখল করা সম্ভব। তবে শতভাগ নিশ্চয়তা দিয়ে এটা বলা যায় না।’
তবে নাদালের জন্য দুঃসংবাদ হচ্ছে চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী জার্মানির হালেতে উইম্বল্ডনের প্রস্তুতিমূলক জেরি ওয়েবার ওপেনে খেলা হচ্ছে না তার। অর্থাত্ কোন প্রস্তুতি ছাড়াই উইম্বল্ডনে নামতে হচ্ছে তাকে। আর সে কারণেই হয়তো এই স্প্যানিয়ার্ড জোর দিলেন ধারাবাহিকতার দিকে, ‘বর্তমান যুগে এক নম্বর হতে হলে আপনাকে পুরো মৌসুমজুড়েই ভালো খেলতে হবে। আপনাকে পুরো বছর কোর্টে থাকতে হবে এবং ভালো খেলতে হবে, কারণ খেলাটা এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই ( খেলোয়াড়রা) ওখানে পৌঁছাতে চায়। যদি বছর শেষে এক নম্বরে থাকতে চাই তাহলে আমাকেও প্রচুর পয়েন্ট জিততে হবে।’
অন্যদিকে বছরের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও রেকর্ড ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরার এখনো পর্যন্ত জিততে পারেননি একটি শিরোপাও। তবে এই সুইস সুপারস্টারের বিশ্বাস, তার সেরা সময়টা সামনেই পড়ে আছে। শীর্ষ বাছাই হিসেবে জেরি ওয়েবার ওপেনে অংশ নিতে আসা উইম্বল্ডন শিরোপাধারী ফেদেরার বলেন, ‘ট্যুরগুলোর মধ্যে হালে আমার অন্যতম প্রিয় একটা জায়গা। আর সফলতা জায়গাটাকে আরো প্রিয় করে তুলেছে।’