কনফেডারেশন কাপে দৃষ্টি নেইমারের
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:১৮
পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের প্রতিটি খেলোয়াড় এমনিতেই বিশ্বকাপ জয় করার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন। আর সদ্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেয়া নেইমারও এর ব্যতিক্রম নন। তবে, বিশ্বকাপের আগে আগামী ১৫ জুন থেকে ব্রাজিলেই শুরু করতে যাচ্ছে কনফেডারেশন কাপের লড়াই। তাই কনফেডারেশ কাপেই এখন দৃষ্টি রাখছেন নেইমার। কনফেডারেশন কাপ জিতে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান ২১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
সম্প্রতি ব্রাজিলের স্যান্তোস থেকে বার্সেলোনায় এসেছেন নেইমার। দানি আলভেজ ও আদ্রিয়ানোও বার্সেলোনায় খেলেন। নেইমার মনে করেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে নিজেদের মাঠে কনফেডারেশন কাপ জয় করা সম্ভব। বর্তমানে ২১ বছর বয়সী নেইমারকে নিয়ে বিশ্বকাপে বড় আশা রয়েছে ব্রাজিলীয়দের। তবে নেইমার আপাতত মনোনিবেশ করতে চান আট জাতির কনফেডারেশন কাপে। আগামী ১৫ জুন শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৩০ জুন।
কয়েক সপ্তাহ আগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে টপকে নেইমারকে দলভুক্ত করে। পুরো ফুটবল বিশ্ব সচকিত হয়ে উঠে। বার্সেলোনায় যাবার আগে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পেয়ে গেছে নেইমার। বার্সেলোনায় লিওনেল মেসি সাথে ভয়ঙ্কর আক্রমণভাগে যোগ দেয়ার আগে বিশ্বকাপ ২০১৪ আসরের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশন কাপ নেইমারের অগ্রাধিকারে রয়েছে। নেইমার বলেন, ‘মেসি, জাভি (হার্নান্দেজ), (আন্দ্রেস) ইনিয়েস্তা,আদ্রিয়ানো এবং দানি আলভেজের সাথে খেলার সুযোগ পাওয়াটা স্বপ্নের মত। আমি সেই দিনটির অপেক্ষায় রয়েছি। কিন্তু এই মুহূর্তে আমার উচিত কনফেডারেশন কাপে মনোনিবেশ করা। আমি ব্রাজিলের জন্য এই শিরোপাটি জিততে চাই।’
ব্রাজিলের সাথে বড় কোন আসর জয়ের স্মৃতি নেইমারের নেই। ব্রাজিলের হয়ে নেইমারের এটি তৃতীয় বড় আসর। এর আগে নেইমার অনূর্ধ্ব ২০ দলের সাথে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ জয় করে ২০১১ সালে। কিন্তু জাতীয় দলের হয়ে নেইমারের প্রথম পরীক্ষা ছিল ২০১১ কোপা আমেরিকা। ব্রাজিল সেই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল।
এছাড়া ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণ জয়ের সম্ভাবনা ছিল। ব্রাজিল দলের তারকা খেলোয়াড় ছিলেন সেই সময় নেইমার। ফুটবলে অলিম্পিক স্বর্ণ নেই ব্রাজিলের। ফাইনালে নেইমারের ধূসর নৈপুণ্যে মেক্সিকোর কাছে স্বর্ণ খুইয়ে আসে ব্রাজিল।
এবার নেইমার রয়েছেন। তার সাথে রয়েছেন এক ঝাঁক তরুণ। তারা চেষ্টা করবেন ব্রাজিলকে টানা তৃতীয় সব মিলিয়ে চতুর্থ কনফেডারেশন কাপ শিরোপা জয় করে এনে দিতে। এদের মধ্যে রয়েছেন চেলসির মিডফিল্ডার অস্কার এবং প্যারিস সেইন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড লুকাস। বার্সেলোনার দানি আলভেজ এবং আদ্রিয়ানোকে তো পাশে পাচ্ছেনই নেইমার। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই শিরোপাটি জয়ের ভাল সম্ভাবনা রয়েছে। আমরা জানি খেলোয়াড়রা ভালো। আন্তর্জাতিক ফুটবলে আমরা এখনো অন্যতম অপ্রতিরোধ্য শক্তি।’