খেলোয়াড়দের গ্রেডিং আরও পেছালো

প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিলাম ২০ জুন। অথচ এখনো তৈরি হয়নি খেলোয়াড়দের গ্রেডিং তালিকা। ক্লাবগুলোর প্রস্তাবনা অনুযায়ী সর্বোচ্চ গ্রেডের খেলোয়াড়রা পাবেন ২২ লাখ টাকা। কিন্তু এই গ্রেডে কারা থাকবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরো দুইদিন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশের (সিসিডিএম) এক কর্মকর্তা জানালেন, ‘১৪ জুন খেলোয়াড়দের গ্রেডিং প্রকাশ করা হবে।’ কাল সিসিডিএম ও নির্বাচক কমিটির যৌথ সভা শেষে প্রধান নির্বাচক আকরাম খান বললেন, ‘আমরা সব খেলোয়াড়ের একটা তালিকা তৈরি করেছি। এখান থেকে গ্রেডিং করা হবে। আমাদের আরো দুইদিন সময় লাগবে।’ কাউন্টি ক্রিকেট খেলার কারণে প্রিমিয়ার লিগ খেলতে পারবেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে তামিম ইকবালও থাকবেন না। স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুলও নেই ১৮১ জন খেলোয়াড়ের তালিকায়। তাই এদের পরিবর্তে আরো কিছু খেলোয়াড় ঢুকবেন। গ্রেডিংয়ের ক্ষেত্রে তাই পরিবর্তন করা হতে পারে। সাকিব ও তামিম ছিলেন এ প্লাস গ্রেডে। এ গ্রেড থেকে কিছু খেলোয়াড় ঢুকে যাবেন সেখানেই। এসব সমস্যার কারণে নির্বাচক কমিটি আরো কিছুদিন সময় নিলেন। এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) খেলোয়াড়দের পারিশ্রমিকের যে খসরা দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ক্লাব সমিতি ও সিসিডিম। এ বিষয়ে কোয়াব এখনি কোন মন্তব্য করতে চাচ্ছেন না তারা। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কাল ইত্তেফাককে বলেন, ‘আমরা বোর্ড সভাপতির সাথে বসে তবেই সিদ্ধান্ত নিব।’ উল্লেখ্য, বোর্ড সভাপতি আগামীকাল রাতে দেশে আসার কথা।