আগস্টে শুরু ফুটবলের নতুন মৌসুম

সুপারকাপ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের ফুটবলের ২০১২-১৩ মৌসুম। ১৬ আগস্ট দলবদলের মধ্যে দিয়ে শুরু হবে পরবর্তী মৌসুম। এর পর আগামী বছরের ৩০ জুন শেষ হবে ২০১৩-১৪ মৌসুম। ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত দলবদলের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নিতে পারবে ক্লাবগুলো। তবে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় কিছুটা বেশি পাবে তারা। একই দিনে শুরু হলেও ক্লাবগুলো বিদেশিদের দলে নিতে পারবে এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৩-১৪ এ অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৭ জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, যাদের মধ্য হতে ৪ জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করতে পারবে। মঙ্গলবার বাফুফে ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাফুফে পেশাদার লিগ কমিটি। ভুটানে অনুষ্ঠিতব্য ‘কিংস কাপে’ অংশগ্রহণের লক্ষ্যে আবেদনকৃত দলসমূহের পক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। এই শর্ত বিবেচনা করে পুনরায় ক্লাবসমূহের নিকট হতে আবেদন পত্র চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়। ১২ দলের পেশাদার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরে থাকছে ১২ ক্লাব। গতকাল পেশাদার লিগ কমিটির সভায় এই ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। ষষ্ঠ প্রিমিয়ারর লিগ হয়েছে নয় দল নিয়ে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ’১২ দল নিয়ে লিগ করার প্রস্তাবে ক্লাবগুলো সম্মত। আমরাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে হবে। কয়েকদিনের মধ্যেই আপনাদের বিষয়টি স্পষ্ট করতে পারব’।