বাড্ডায় গৃহবধূ নির্যাতন

আসামির শাস্তি দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

গৃহবধূ নিশরাত জাহান নিশাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মিজানের পরিবার নানা রকম হয়রানির ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি স্বামীসহ নিশার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন মিজানের বাবা। মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেছেন নিশরাত জাহান নিশা। এর আগে একই দাবিতে গত শনিবার পরিবারটি সংবাদ সম্মেলন করে। নিশরাত জাহান নিশা জানান, তার ওপর বর্বরোচিত হামলার পর বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মিথ্যা মামলা করা হয়েছে। যেখানে নিশা ও তার স্বামী শাহরিয়ার মাহমুদ সজীবকে আসামি করা হয়েছে। বিয়ের আগে মিজান তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু নিশা তা প্রত্যাখ্যান করে বিয়ে করেন সজীবকে। বিষয়টি মেনে নিতে পারেনি মিজান। বিয়ের পর রাজশাহী থেকে ঢাকায় এসে স্বামীর সঙ্গে থাকেন নিশা। ফলে মিজান দীর্ঘদিন নিশাকে খুঁজে পায়নি। এক পর্যায়ে ঢাকার ঠিকানা খুঁজে পেয়ে নিশার বাসায় ঢুকে নিজে বিষ পান করে, পরে তার মুখেও বিষ ঢেলে দেয় এ পাষণ্ড। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। গত ১৪ মে রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় ঘটে এ ঘটনা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় নুসরাত জাহান নিশাকে তার স্বামী ও মিজানকে বাড্ডা থানা পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর ১৪ মে থেকে ২৬ মে পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগে ১০৯ নম্বর ওয়ার্ডে রেখে চিকিত্সা দেয়া হয় নিশাকে।