সোনালী ব্যাংকের আরো চার কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ফেয়ার উইভিং মিলস নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংক থেকে ১৫৬ কোটি আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখার ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আজিজুল হক, মো. ওয়াহিদ উদ্দিন, মো. শাজাহান হাওলাদার ও মো. জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুদকের প্রধান অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক মো: হারুনুর রশীদ তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, মেসার্স ফেয়ার উইভিং লিমিটেড ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভুয়া কাগজপত্র তৈরি করে সোনালী ব্যাংক রমনা কর্পোরেট শাখা থেকে ফান্ডেড ও নন-ফান্ডেড ১৫৬ কোটি টাকা আত্মসাত্ করে। মেসার্স ফেয়ার উইভিং লিমিটেডের চেয়ারম্যান রাবেয়া আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল কাসেম ও সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আলতাফ হোসেন হাওলাদার এ অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পায় ব্যাংকটি। এ বিষয়ে সোনালী ব্যাংকের ঐ শাখার এজিএম মো. মিরন মিয়া গত ৭ জানুয়ারি শাহবাগ থানায় মামলা করেন। কিন্তু মামলাটি মানিলন্ডারিং হওয়ায় তদন্তের জন্য দুদককে হস্তান্তর করেছে শাহবাগ থানা। দুদক সূত্র আরো জানায়, এ ঘটনায় দুদক ব্যাংকটির ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। গত সোমবার ৪ এবং মঙ্গলবার ৪ জনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে দুদক। বাকি ৪ জনকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে।