শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতিতে ইউএনএফপিএর বিদায়ী কান্ট্রি ডিরেক্টরের সন্তোষ
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:০৪
জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে মঙ্গলবার সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ-এর বিদায়ী কান্ট্রি ডিরেক্টর আর্থার এরকেন। এ সময় তারা দ্বিপাক্ষিক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয় জানায়, আর্থার এরকেন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনসংখ্যা ও জেন্ডার সমতায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনএফপিএ-এর অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।