ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে সালমা আকতার (৩০) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া নামের একজন (৪০) আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পুটিজানা ইউনিয়নের গাড়াজান গোহানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিবগঞ্জ বাজারের মজিবরের মেয়ে সালমার সাথে দুদু মিয়া ও টিও সালামের প্রেমের সম্পর্ক ছিল। সালামের সাথে সম্পর্ক ছিন্ন করে দুদু মিয়ার সাথে সালমা সম্পর্ক গড়ে তোলে।
শুক্রবার সন্ধ্যায় দুদু ও সালমা শিবগঞ্জ যাওয়ার পথিমধ্যে সালাম তাদের উপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সামলার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুদু আহত হয়। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রেম ঘটিত কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
ইত্তেফাক/আরকেজি