ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৪৬
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা, মারধর ও ছিনতাই ঘটনার প্রতিবাদে সোম ও মঙ্গলবার মিছিল ও প্রতিবাদ জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীরা এটিআই বন্ধ করে দিয়েছে। সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী শহরে লাঠি মিছিল বের করে এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টুর বাড়ি গিয়ে প্রতিকারের দাবি জানায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে, আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী পরিচয় দিয়ে স্থানীয় কলেজ পাড়ার কিছু বহিরাগত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এটিআই ক্যাম্পাসে এবং ছাত্রাবাসে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা আদায় ও ছিনতাই করে। ক্যাম্পাসের মাঠে শিক্ষার্থীদের খেলাধূলা করতে দেয় না। সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং শাস্তির দাবিতে গতকাল সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য এটিআই বন্ধ ও ক্লাস বর্জনের ঘোষণা দেয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ গোলাম মর্তুজা বলেন, এ ঘটনা শিক্ষার্থীরা থানায় জানিয়েছে। সন্ত্রাসীদের কার্যকলাপ বন্ধ হচ্ছে না।