কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিপ্রায় ছিল না :সুরঞ্জিত

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফীর বরাত দিয়ে মঙ্গলবার দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় ‘সুরঞ্জিতের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য অমার্জনীয় অপরাধ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, অপ্রাসঙ্গিক এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোন অভিপ্রায় তার ছিল না। তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকেন তবে তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রকাশিত সংবাদে আহমদ শফীর বিবৃতির বরাতে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রী গত ৮ মে চট্টগ্রামে একটি আলোচনা সভায় মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি দেশের সকল ধর্ম ও আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল। বিবৃতিতে উল্লেখ করা হয়, তিনি গত ৫ মে শাপলা চত্বরে বিশৃংখলা সৃষ্টিকারী ছদ্মবেশী জামায়াত-শিবিরের সন্ত্রাসী এবং বিএনপির উগ্র সাম্প্রদায়িক, ক্ষমতালোভী অনুপ্রবেশকারীদের উদ্দেশ করেই ওই বক্তব্য দিয়েছিলেন। এসব উগ্র সাম্প্রদায়িক অনুপ্রবেশকারী সেদিন বায়তুল মোকাররম মসজিদ এলাকায় উন্মত্ততার সাথে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে, হকারদের দোকান লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। এসব অনুপ্রবেশকারীর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করা। এদিকে, গতকাল মঙ্গলবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চিত্র পরিচালক বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যেও সুরঞ্জিত তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য আমি কোন কথা বলিনি। তারপরেও কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আমি দুঃখ প্রকাশ করছি। তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সুরঞ্জিত আরো বলেন, বিএনপি সহিংস আন্দোলনে নেমে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপিকে সংঘাত, নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথ পরিহার করে সাংবিধানিক ধারার রাজনীতি করার আহবান জানান তিনি। সভায় সুরঞ্জিত বলেন, হেফাজতের মধ্যে ক্ষমতালোভীদের অনুপ্রবেশ ঘটেছে। তারা ক্ষমতা প্রত্যাশীদের ক্রীড়নক হয়ে কাজ করেছে। এ কারণে সফল হতে পারেনি।