আজ মধ্যরাত থেকে বরিশাল মহানগরীতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৪৮
আজ বুধবার রাত ১২টার পর থেকে বরিশাল নগরীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আগামী শুক্রবার রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে আরো নয় ধরনের যানবাহনের চলাচল। জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় এসব বিধিনিষেধ আরোপ করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃংখলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীতে তিন হাজার চারশ জন পুলিশ ও আনসার সদস্যের সঙ্গে ছয়শ বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সদস্য আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
আগামী শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেলের পাশাপাশি বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, বাস, পিকআপ, ট্রাক ও টেম্পু চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিএমপি পুলিশ। রিটার্নিং কর্মকর্তার দেয়া বিশেষ পরিচয়পত্র থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া দেশি-বিদেশি সংবাদকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি ও নির্বাচনের বৈধ পরিদর্শকদের যানবাহনও এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। দমকল বাহিনী এবং এ্যাম্বুলেন্সসহ জরুরিভিত্তিতে প্রয়োজনীয় গাড়ির ব্যাপারে নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও জানান পুলিশ কমিশনার।