নগর সংস্কৃতি
লোকসঙ্গীতের দুই দিকপালকে স্মরণ
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৪৯
দেশের লোকসঙ্গীতের দুই দিকপাল ওস্তাদ মমতাজ আলী খান ও কানাইলাল শীল। গতকাল মঙ্গলবার বরেণ্য এই দুই লোকসঙ্গীত শিল্পীকে স্মরণ করা হলো। গান ও কথায় এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্য বিভাগ। সন্ধ্যায় একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণের এ আয়োজন।
লোকগানের চর্চা ও প্রসারে নিরন্তর কাজ করেছেন মমতাজ আলী খান। উপমহাদেশের প্রখ্যাত এই লোকসঙ্গীত শিল্পী একইসঙ্গে গান লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন। তিনিই প্রথম বাংলা লোকসঙ্গীতে শাস্ত্রীয় সঙ্গীতের সুরের মেলবন্ধন ঘটিয়েছেন। অন্যদিকে গ্রাম বাংলার মাটির মানুষের কাছে কানাইলাল শীলের অবদান চিরস্মরণীয়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন যেসব গান গেয়েছেন সেসব গানে কানাইলাল শীলের দোতরা বাদনের সুর অতুলনীয়। সঙ্গীতজ্ঞরা বলেন, দোতরার সুরে কথা বলেন কানাইলাল। একইসঙ্গে দোতরা বাদক, কণ্ঠশিল্পী, সুরকার ও লোকসঙ্গীতের সংগ্রাহক হিসেবে কাজ করে গেছেন জীবনভর।
দুই পর্বে বিভক্ত ছিল আয়োজন। প্রথম দুই বরেণ্য শিল্পীর জীবনের ওপর আলোকপাত করা হয়। আর দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় তাদের কথা ও সুরের গান। আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর মহাপরিচালক ও বিশিষ্ট লোকগবেষক শামসুজ্জামান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন একাডেমীর সঙ্গীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। আলোচনা শেষে সমবেত সঙ্গীত পরিবেশন করে মমতাজ আলী খান সঙ্গীত একাডেমী ও কানাইলাল শীল শিল্পীগোষ্ঠী। একক কণ্ঠে গান শোনান রুপু খান, নাদিরা বেগম, মীনা বড়ুয়া, কানন বালা সরকার, সরদার রহমতুল্লাহ ও শেখ হেমায়েত।
সমবেত কণ্ঠে মমতাজ আলী খানের গান পরিবেশ করে মমতাজ আলী খান সঙ্গীত একাডেমী। প্রথমে পরিবেশন করে মুরশিদ পথ দেখাইয়া দাও/আমি যেপথ চিনি নাগো/সঙ্গে কইরা নাও। একাডেমী পরিবেশিত দ্বিতীয় গানের শিরোনাম ছিল আগুন জ্বালাইস না আমার গায়। বাবার কথা ও সুরের গান শোনান মমতাজ আলী খানের মেয়ে রুপু খান। পরিবেশন করেন আগে জানি নারে দয়াল/তোর পিরিতে পরান যাবে ও কারো প্রাণে মধুর বরষা/আমার প্রাণে আগুন জ্বলিলো শিরোনামের দুটি গান। মীনা বড়ুয়ার কণ্ঠেও গীত হয় মমতাজ আলীর গান। গেয়ে শোনান গুন গুন গুন গান গাহিয়া নীল ভোমরা যায় ও অচিন গায়ের অচিন বন্ধুরে। নাদিরা বেগম গেয়ে শোনান নিশিথে যাইও ফুল বনে ও রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলারে। কানাইলাল শীলের গান পরিবেশন করে কানাইলাল শিল্পীগোষ্ঠী, কানন বালা সরকার, শেখ হেমায়েত ও সরদার রহমতুল্লাহ। কেন বা তারে সঁপে দিলাম দেহ মন ও বন্ধু আমার পরানের পরান গান দুটি পরিবেশন করে কানাইলাল শিল্পীগোষ্ঠী। আমার গলার হার খুলে নেরে ললিতে এবং ও ঢেউ খেলেরে ঝিলমিল শায়রেশিরোনামের গান পরিবেশন করেন কানন বালা সরকার।
মযহারুল ইসলাম পুরস্কার ২০১২ পেলেন কবি শহীদ কাদরী
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী বাংলা একাডেমী পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১২-এ ভূষিত হয়েছেন। আজ বুধবার বিকেলে একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান। উল্লেখ্য, এই পুরস্কার তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছেন প্রফেসর মযহারুল ইসলামের পরিবার।