টিপাইমুখ বাঁধ এলাকা ঘুরে দেখবে ভারতের পরিবেশ মন্ত্রণালয়
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৪৯
ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য সে দেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন দফতরের প্রয়োজনীয় ছাড়পত্র নেয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই বাঁধ নির্মাণ করতে হলে প্রায় ২৫ হাজার হেক্টর বনভূমির ৭৮ লাখের বেশি গাছ কেটে ফেলতে হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে তুইভাই এলাকায় বরাক নদীতে বহুল আলোচিত পানিবিদ্যুত্ প্রকল্প টিপাইমুখ বাঁধ নির্মাণের বিপক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় এই প্রকল্পের ছাড়পত্র দেয়ার আগে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। মণিপুর রাজ্য সরকার বন সংরক্ষণ আইন অনুযায়ী কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ছাড়পত্রের জন্য আবেদন করেছে। বিশেষ কমিটি বর্ষার পর প্রকল্প এলাকা পরিদর্শন করে পরিবেশ সংক্রান্ত বিষয় যেমন দেখবে তেমনি সাধারণ মানুষের ওপর প্রভাবও খতিয়ে দেখবে। খবর বিবিসি ও পিটিআই’র।
উত্তর-পূর্ব রাজ্যে বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনের নেতা রামানন্দ বলেন, মন্ত্রণালয়ের বিশেষ কমিটি টিপাইমুখ পরিদর্শনে গেলে স্থানীয়রা প্রতিবাদ বিক্ষোভ করবে।
পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি ৯ হাজার ২১১ কোটি রুপির ১৫শ মেগাওয়াট বিদ্যুত্ প্রকল্পের বিষয়ে ছাড়পত্র দেয়ার সুপারিশ করেছে। তবে প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজানের ওপর। সূত্র জানিয়েছে, পরিবেশ মন্ত্রণালয় মনে করছে, কোনো ক্ষতিপূরণই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হওয়া ক্ষতি নিরসন করা সম্ভব নয়। পরিবেশবাদীরা বলছেন, ওই বন কাটা হলে হরিণ, চিতা বাঘ, বানরসহ বিভিন্ন প্রাণী বিনষ্ট হবে। ২০১১ সালে এই প্রকল্পের নির্মাণে চুক্তি সম্পাদিত হয়।