বিসিসি মেয়র প্রার্থী খান মামুনের ইশতেহার ঘোষণা
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৫০
বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বরিশাল প্রেসক্লাবে বেলা ১১টায় সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন লিখিত বক্তব্যে বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করবেন। তিনি বলেন, বর্ধিত এলাকা ও পুরোনো পৌর এলাকার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এছাড়া বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তৈরি করা, সিটি কর্পোরেশনে সাধারণ দুস্থ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা, চিকিত্সা ব্যবস্থা উন্নত করা, মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনসহ মোট ১৯ দফা কর্মকাণ্ডের কথা বলা হয়েছে ইশতেহারে।
সাংবাদিক সম্মেলনে মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন সকল অবিচার, অন্যায়, শিক্ষক নির্যাতন, লুটপাট, জমি দখল ও দুর্নীতির বিরুদ্ধে সজাগ থেকে নগরবাসীকে আগামী ১৫ জুন তার পক্ষে রায় দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি মহাজোট সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধে তার প্রচারণায় বাধা প্রদান, কর্মীদের মারধরসহ নানা হয়রানির অভিযোগ তুলে বলেন, এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো সুফল পাওয়া যায়নি।