ক্লাস চলাকালেই ছাদের একাংশ ধসে পড়ল ফরিদগঞ্জে প্রাইমারী স্কুলে

সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের একটি অংশ ধসে পড়েছে। অল্পের জন্য শ্রেণীকক্ষের ছাত্র-ছাত্রীরা প্রাণে বেঁচে যায়। তাত্ক্ষণিকভাবে অন্য রুমে শিক্ষকরা ক্লাস চালিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা পাটওয়ারী জানান, ১৯৯৪ সালে বিদ্যালয়টি স্থাপনের পর তা সংস্কার হয় ২০০৩ সালে। কিন্তু ১০ বছর না পেরোতেই মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিদ্যালয়টি। ছাদের আস্তরণ ঝরে পড়া ছাড়া বিম ও কলাম থেকেও আস্তরণ খসে পড়ছে। সোমবার সকালে ক্লাস চলাকালে ছাদের একটি অংশ খসে পড়ে। অল্পের জন্য ছাত্র-ছাত্রীরা প্রাণে বেঁচে যায়। তিনি জানান, এক বছর পূর্বে উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়। গত কয়েকদিন শিক্ষা অফিসকে এ ব্যাপারে অবহিত করা হয়। অভিভাবকরা শিশুদের ক্লাসে পাঠাতে ভয় পাচ্ছেন। ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন মিজি জানান, নতুন ভবন নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।