মানবতাবিরোধী অপরাধ বিচার বন্ধে অন্য রাষ্ট্রের চাপ নেই

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে বিদেশি কোন রাষ্ট্রের চাপ নেই। অনেক রাষ্ট্র বিচারের পক্ষে সমর্থন জানিয়েছে, তবে তারা স্বচ্ছ বিচার চায়। আর এক্ষেত্রে আন্তর্জাতিক সমস্ত মান বজায় রেখে এ অপরাধের বিচার হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদুত ড. আব্দুল্লাহ নাসের আল-বুসাইরি, আইএফসি’র কান্ট্রি ম্যানেজার কাইল এফ. কেলহফার এবং ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস গতকাল মঙ্গলবার পৃথক পৃথকভাবে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাতে সৌদি আরবের রাষ্ট্রদুত ড. আব্দুল্লাহ নাসের আল-বুসাইরি সৌদি দুতাবাস কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলী হত্যা মামলার আপিল হাইকোটে দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইনমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে আইনমন্ত্রী বলেন, আপিল মামলাটি দ্রুত নিষ্পত্তিকল্পে পেপারবুক প্রস্তুতের জন্য এটর্নি জেনারেল দরখাস্ত দিয়েছেন। মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।