চাঁদাবাজির মামলায় ওসি গিয়াসউদ্দিনের আদালতে আত্মসমর্পণ
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:৫৪
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাবেক ও বর্তমানে সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাকে ভর্ত্সনা করেন এবং অস্থায়ী জামিন প্রদান করেন। গত ৯ জুন আদালত চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১২ সালের ১৩ অক্টোবর সরাইল উপজেলা সদরের স্বল্প নোয়াগাঁও গ্রামের যুবক মনির হোসেনকে ওসি গিয়াসউদ্দিন থানায় আটক রেখে নির্যাতন এবং তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় চুরির মামলায় জড়িয়ে যুবককে আদালতে পাঠায়। ১৪ অক্টোবর ২০১২ মা রাশিদা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি আদালতে উপস্থিত হয়ে শারীরিক অসুস্থতার কথা জানান।