ইন্ডিয়ান আইডল জুনিয়র
সবার মন করেছে জয়
প্রকাশ : ১২ জুন ২০১৩, ১৯:০৮
সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে আবার শুরু হয়েছে বহুল আলোচিত জনপ্রিয় ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। নাহ এবার বড়দের অংশগ্রহণে ছোটদের নিয়ে চলছে মজার গানের প্রতিযোগিতা। ৫ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েদের অবিশ্বাস্য সংগীতপ্রতিভা দর্শক প্রাণভরে উপভোগ করছেন। ইন্ডিয়ান আইডল জুনিয়র রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে নিয়েছে ইতোমধ্যেই। ক্ষুদে সংগীত প্রতিভাদের নিয়ে অন্যান্য চ্যানেলে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এর আগে, তবে এবার সনি টিভির নতুন আয়োজন ইন্ডিয়ান আইডল জুনিয়র ঘরে ঘরে দর্শকদের আগ্রহী করে তুলেছে বিপুলভাবে। হালের এই আলোচিত জনপ্রিয় রিয়েলিটি শো নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
গত ১ জুন থেকে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে শুরু হয়েছে নতুন ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ইন্ডিয়াল আইডল জুনিয়র। পাঁচ থেকে পনের বছর বয়সের ক্ষুদে সংগীতপ্রতিভাদের মেলা বসেছে যেন টিভি পর্দায়। তাদের কারও কারও সংগীতপ্রতিভার উত্কর্ষে দর্শক তো বটেই এই প্রতিযোগিতার তিন প্রধান বিচারক জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, আলোচিত সংগীত পরিচালক জুটি বিশাল দাধলানি-শেখর রবিজিয়ানিও চমকে উঠছেন। ‘এত অল্প বয়সী ছেলেমেয়েগুলো মাঝে মাঝে আমাদেরকে বিস্ময়ের ঘোরের মধ্যে নিয়ে যায়। আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে তাদের গায়কী, কণ্ঠ শৈলী এবং সুরের কারুকাজ’, তারা অকপটে এই কথাগুলোই বলেছেন। তাদের বক্তব্য হলো, ‘আমরা চাই শিশুরা এটিকে যেন প্রতিযোগিতা মনে না করে। এর আগে সনি টিভিতে ইন্ডিয়ান আইডলের ছয়টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘এতদিন বড়রা অংশ নিয়েছে গানের প্রতিভা প্রমাণের লড়াইয়ে। ছোটদের মধ্যেও অনেক দুর্দান্ত সংগীতপ্রতিভা লুকিয়ে আছে, তাদের মনেও সাধ জাগে ‘ইন্ডিয়ান আইডল’-এর প্ল্যাটফর্মে আসার ব্যাপারে। তাদেরকে সেই সুযোগ দিতেই ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর আয়োজন’, কথাগুলো সনি টিভি চ্যানেলের এক কর্তাব্যক্তির। তিন প্রধান বিচারক শ্রেয়া ঘোষাল, বিশাল ও শেখর বলেন, ‘আমরা চাই ক্ষুদে সংগীতপ্রতিভারা এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ উপভোগ করুক এবং নতুন কিছু শিখুক।’ শ্রেয়া ঘোষাল বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই ভীষণ প্রতিভাবান হবে তেমন প্রত্যাশা করি না। তবে আগামী কয়েক মাসে এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ অনেকগুলো ক্ষুদে সংগীত তারকা সৃষ্টি হবে, আমাদের সেই প্রচেষ্টা থাকবে।’ বিচারকদের একজন শেখর বলেন, ‘এটা একটি উল্লেখযোগ্য প্লাটফর্ম ছোটদের মেধা প্রকাশের ক্ষেত্রে। আমরা তাদেরকে যথার্থভাবে গাইড করব যাতে তারা তাদের মেধা ও প্রচেষ্টা অনুযায়ী নিজেদের গড়ে নিতে পারে। তারা যাতে আরও ভালো করতে পারে আমরা তাদেরকে সে পথটা দেখাব। তাদের মনে যাতে প্রতিযোগিতার মানসিক চাপ না থাকে, হেসে খেলে যেন তারা নিজেদের মেধার প্রকাশ ঘটাতে পারে, যা দেখে দর্শকও মজা পায় আমরা সেই চেষ্টা করছি।’ এর আগে দর্শক জিটিভিতে লিটল চ্যাম্পস প্রতিযোগিতার বিরাট আয়োজন উপভোগ করেছেন। সেখানেও প্রচুর ক্ষুদে সংগীত প্রতিভার সমাবেশ লক্ষ্য করা গেছে। খুব ছোটবেলা থেকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে গাইবার সুযোগ পেয়ে অনেক শিশু-কিশোর দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে। এবার সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ ক্ষুদে সংগীতপ্রতিভা অনুসন্ধানে আরও বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। দর্শক এতদিন বড়দের অংশগ্রহণের বিভিন্ন রিয়েলিটি শোগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। এখন ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এ ক্ষুদে সংগীত প্রতিভাদের অবিশ্বাস্য দক্ষতার প্রকাশের পাশাপাশি তাদের নিষ্পাপ সহজ সরল ছেলেমানুষী, বিচারকদের সঙ্গে মজার খুনসুটি, দুষ্টুমি সবই মনভরে উপভোগ করছেন ছোট-বড় সব বয়সী দর্শক। ফলে অল্পদিনেই অনুষ্ঠানটি অনেক অনেক দর্শকের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে সপ্তাহের প্রতি শনি ও রবাির রাত ৯টায় ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ দেখানো হয়।