খোঁজখবর

ইমোশনাল মতিন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবার অভিনয় করলেন ইমোশনাল একজন ব্যক্তির চরিত্রে। নিজের গল্প ভাবনা ও পরিচালনায় ‘ইমোশনাল আব্দুল মতিন’ নামের এক খণ্ডের নাটকে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। এই নাটকে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন লাক্সতারকা রাখি। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে সিরাজগঞ্জে। নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘মূলত গল্পের কারণেই এই সময়ে আমি সিরাজগঞ্জে শুটিং করি। আমার জন্মস্থান যেহেতু সিরাজগঞ্জ তাই এলাকার ছেলে হিসেবে আমার এলাকাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলা আমারই তো দায়িত্ব। তাই শুটিং সিরাজগঞ্জেই করেছি।’ ‘ইমোশনাল আব্দুল মতিন’ নাটকটি আগামী ঈদে বাংলা ভিশনে প্রচার হবে। ভিন্ন চরিত্রে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তিশা এবার ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেন। তুহিন হোসেন পরিচালনায় আসছে ঈদের জন্য নির্মিত ‘সারপ্রাইজ’ নামের এক খণ্ডের নাটকে দর্শকরা তাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। এই নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন নিশো। নাটকের গল্পে দেখা যাবে, হিমেল এবং রোদেলা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু হিমেল তার বাবাকে রোদেলার সাথে সম্পর্কের কথা বলতে পারে না। ঘটনাক্রমে রোদেলা হিমেলের বাবার অফিসে চাকরি নেয়। হিমেলের বাবা এবং রোদেলার মধ্যে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘নিশোর সাথে যে ক’টি কাজ করেছি সবগুলোই বেশ ভালো ছিল। তুহিন ভাইয়ের এই নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে।’ নতুন বিজ্ঞাপনে দীর্ঘ বিরতির পর নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সারিকা। আসাদুজ্জামান লিটনের নির্দেশনায় ‘বোটানিক অ্যারোমা আল্পনা মেহেদী’-এর বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছেন। ‘কল্পনার চেয়েও বেশি রং’ স্লোগান নিয়ে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এই বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে সারিকা বলেন, ‘এখন বেছে বেছে যেমন টিভি নাটকে অভিনয় করছি তার চেয়েও অধিক বেছে বেছে বিজ্ঞাপনের কাজ করছি। এর আগে বোটানিকের বেশ কয়েকটি পণ্যে আমি মডেল হিসেবে কাজ করেছি। তাই এই প্রতিষ্ঠানটির প্রতি রয়েছে আমার আন্তরিকতা। তা ছাড়া নতুন পণ্য এবং বিজ্ঞাপনটির থিমও অনেক ভালো। আশাকরি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ উল্লেখ্য, ‘মেহেদী লাগাও হাতে হাতে’ জিঙ্গেলটিতে কণ্ঠ দিয়েছেন কণা। সংগীত পরিচালনায় আছেন জেকে। এদিকে এরইমধ্যে চলচ্চিত্রে কাজ করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত চলচ্চিত্রে কাজ করা হয়ে উঠেনি সারিকার। আবারও মিউজিক ভিডিওতে ইমরানের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মডেল ও অভিনেত্রী সুজানা। ‘মানে না মন’ শিরোনামের এই গানটি রয়েছে কিছুদিন আগে প্রকাশিত ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’তে। দ্বৈত এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দেন পূজা। গানটির সুর ও সংগীত ইমরানেরই। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশানে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। ব্ল্যাক পেপারের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে সুজানার সঙ্গে মডেল হিসেবে রয়েছেন কাশ্মীরের ছেলে রনক। পাশাপাশি শিল্পীর ভূমিকায় দেখা যাবে ইমরান ও পূজাকে। ইমরানের গানে মডেল হওয়া প্রসঙ্গে সুজানা বলেন, ‘তুমি’ অ্যালবামটি বের হওয়ার পরপরই গানটি (মানে না মন) শুনে মনে ধরে যায়। আশাকরি ভিডিওটি সবাই পছন্দ করবেন।’ কৃতজ্ঞ তারিন এদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তারিন তার সমসাময়িক দুই অভিনেত্রী অপি করিম ও রিচিকে নিয়ে একই টেলিফিল্মে কাজ করার স্বপ্ন দেখেছিলেন গত বছর আমেরিকা যাওয়ার আগে। তখন দর্শক সমাদৃত নাট্যরচয়িতা পান্থ শাহরিয়ারের কাছে একটি গল্প শুনেছিলেন। আর সেই গল্পেই তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই টেলিফিল্মটি প্রযোজনা করারও কথা ভাবেন। তারিন প্রযোজিত ‘সন্ধিক্ষণ’ নামক এই টেলিফিল্মটি পরিচালনা করবেন নিয়াজ মাহবুব। টেলিফিল্মটিতে তারিন, অপি করিম ও রিচির বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। আগামী ১৪ জুন থেকে টেলিফিল্মটির শুটিং শুরু হবে।