কাল মুক্তি পাবে পোড়ামন
প্রকাশ : ১২ জুন ২০১৩, ১৯:০৯
রুপালি পর্দার প্রতিশ্রুতিশীল প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’র তৃতীয় চলচ্চিত্র ‘পোড়ামন’ মুক্তি পাচ্ছে আগামীকাল ১৪ জুন। ঢাকাসহ দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। গেল সপ্তাহের বৃহস্পতিবার সিনেমাটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেই সাথে চলচ্চিত্রের এমন মন্দা সময়ে পরিচ্ছন্ন ও ভালোবাসার গল্প নিয়ে সিনেমা নির্মাণের জন্য ‘জাজ মাল্টিমিডিয়া’কে ধন্যবাদ জানান তারা। এর মাধ্যমে পরপর তিনটি সিনেমাই বিনা কর্তনে ছাড়পত্র পেল এ সময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাজ মাল্টিমিডিয়া’র। গত শনিবার প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যানারেই বাজারে এসেছে ‘পোড়ামন’-এর অডিও অ্যালবাম। এবারের গানের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা, রয়েছে নতুন সংযোজন। সিনেমাটির বেশিরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু ও রাজিব। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন। আব্দুল্লাহ জহীর বাবুর কাহিনী নিয়ে অসংখ্য ব্যবসা সফল রোমান্টিক সিনেমার নির্মাতা জাকির হোসেন রাজু নির্দেশনা দিয়েছেন ছবিটির। সিনেমাটির ৮০ ভাগ শুটিং হয়েছে বান্দরবনের নীলগিরি, নীলচিল, মেঘলাসহ মায়ানমার সীমান্তের বেশকিছু মনোরম লোকেশনে। ছবিটি নিয়ে ‘জাজ মাল্টিমিডিয়া’র সিইও মনোয়ার এহতেশাম শীশ বলেন, ‘আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন কিছু চমকের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করার। আশা করি দর্শকের ভালো লাগবে।’ এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, আনিসুর রহমান মিলন, বিপাশা, ডন রতন, মনিরা মিঠু, গুলশান আরা ও মিশা সওদাগর।