পাবনায় ড্রামা সার্কেলের ৩২ বছর পূর্তি
রুমী খোন্দকার, পাবনা সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০১৩, ১৯:১২
পাবনার অন্যতম সৃজনশীল নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের গৌরবময় ৩২ বছর পূর্তি হচ্ছে আজ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। উত্সবের অংশ হিসেবে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘রুচি পাবনা ড্রামা সার্কেল পথ নাট্য উত্সব-২০১৩’। আয়োজনের প্রথম পর্বে গত শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একক অভিনয়, দলীয় অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় আড়াইশ প্রতিযোগী অংশগ্রহণ করে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড। ‘মঞ্চের আলোয় আলোকিত হবে দেশ, সমৃদ্ধ হবে জাতি’ এ স্লোগানে ১৩ জুন বৃহস্পতিবার শুরু হবে তিনদিনব্যাপী পথনাট্য উত্সবের মূল অনুষ্ঠান। উদ্বোধনী দিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।