‘সাম্প্র্রদায়িকমুক্ত মানুষ ছিলেন মনীষী সরদার ফজলুল করিম’

সরদার ফজলুল করিমের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা বলেছেন, একজন সামপ্রদায়িকমুক্ত মানুষ ছিলেন মনীষী সরদার ফজলুল করিম। তার স্মৃতিচারণমূলক গবেষণা গ্রন্থ ‘জীবন জয়ি হবে’-তে সাম্প্রদায়িকতা এবং মানুষে মানুষে বিভক্তির কথা উঠে এসেছে। ৪০-এর দশকে তিনি তার গবেষণায় অসামপ্রদায়িকতাকে সামনে নিয়ে এসেছেন। তখন মূল ভূখণ্ডে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। ১৯৪০ এর দশকে তার গবেষণা আমাদেরকে সাহায্য করতে পারে ১৯৭১ কে নতুন করে আবিষ্কার করতে। গতকাল রাজধানীর উইমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, তিনি একজন দাশর্নিক ছিলেন। একজন কমিউনিস্টও ছিলেন। সরদার ফজলুল করিম বলেছেন, কমিউনিস্ট হওয়ার জন্য দর্শন গুরুত্বপূর্ণ। কমিউনিস্ট পার্টির নেতা এম এম আজিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজমি উদ্দিন খান। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সান্তুনু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদিউর রহমান, কথা সাহিত্যিক ও সাংবাদিক মশিউর আলম প্রমুখ।