‘কন্টিনিউ’ করছেন না তাহসান
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২০:২৯
সদ্য বাবা হিসেবে সন্তানকে ঘিরে বেশ কাটছে দিন। তবে এরই ভেতরে নিজের সুফি ব্যান্ডটিরও প্র্যাকটিস সেশন চলছে। এরই ভেতরে ৫টি গানের রেকর্ডিং শেষ। আর তাহসানের ভক্তদের জন্য সুখবর হলো আগামী ৩০ জুন তাহসান তার ফ্যান পেজে ভক্তদের জন্য তাদের নতুন গড়া একটি গান আপলোড করবেন। অবশ্যই তা ডেমো ভার্সন, শুধুমাত্র ভক্তদের তার নতুন সাউন্ড সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এদিকে সন্তানের দেখভালের জন্য স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মিথিলা কিছুটা বিরতিতে আছেন। তবে তাহসানকে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। তবে ‘টু বি কন্টিনিউ’ নামের যে চলচ্চিত্র হওয়ার কথা ছিল, তাতে বেশ অনাগ্রহ তার। এ প্রসঙ্গে তাহসান শুধু বলেন, ‘পরিচালক একটা গল্প বলে শুরু করেছিলেন। কিন্তু এখন আর সেখানে কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাই সেটা আর করছি না। আমি সবসময় কমিটমেন্টকে খুব মূল্য দিই।’
তাই ছবির নামের সাথে ‘কন্টিনিউ’ থাকলেও মাঝপথে ছবিটি আটকে পড়ে আবারও শুরু হওয়ার খবর এলেও এখন আবার ছবির প্রধান হিরো তা ‘কন্টিনিউ’ করছেন না বলে জানান। নিজের গান অভিনয় নিয়েই তার ব্যস্ততার ফিরিস্তি। আর রিলিজের কথা এলেই অন্য অনেকের মতোই তিনিও কিছুটা দ্বিধায় ভোগেন লেবেল কোম্পানি নিয়ে। তাই গানগুলো রেকর্ড করার পাশাপাশি ডিজিটাল ডিস্ট্রিবিউশনসহ রিলিজের অন্য কোনো উপায় খুঁজে তবেই তার শ্রোতাদের জন্য দেবেন বলে জানালেন।