ডিসিসিআই’র সেমিনার

ট্রেড ইউনিয়ন যেন রাজনীতিমুক্ত হয়

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সবুর খান শিল্প-কারখানায় পরিচালিত ট্রেড ইউনিয়নকে রাজনীতির আওতামুক্ত রাখার আহবান জানিয়েছেন। তিনি মনে করেন, শ্রমিক ও মালিকের মধ্যে যোগাযোগের অভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। এ জন্য দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত বৈঠক এবং ধারণা বিনিময় করতে হবে। গতকাল বুধবার ডিসিসিআই এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। শ্রমিক-মালিক সম্পর্ক :উন্নয়ন প্রেক্ষিত শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্প্রতি তৈরি পোশাক কারখানায় দুর্ঘটনায় প্রণহানির কারণে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। এ বিষয়ে সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারও নমনীয় মনোভাব দেখাচ্ছে। অনুষ্ঠানে বক্তারা মলিক-শ্রমিক দূরত্ব নিরসনে মালিক পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ করতে হবে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের আস্থায় আনতে ব্যর্থ হলে কার্যকর মালিক-শ্রমিক সম্পর্ক তৈরি করা সম্ভব হবে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শ্রমিক-মালিকের মধ্যে যোগাযোগ এবং বিশ্বাসের জায়গাটিকে আরো সুদৃঢ় করতে ট্রেড ইউনিয়নের উপর গুরুত্ব দেন। তিনি বলেন, এর ফলে দুই পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হবে। বর্তমানে সরকার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ৩৮টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিসিসিআই’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এর সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুত্ফুর রহমান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের পরামর্শক ফ্রান্সিস সিলভা, বিএসএইচআরএম-ট্রেজারার মাসহিকুর রহমান, জেনারেল সেক্রেটারি বাহাউদ্দিন মিয়া প্রমুখ।