বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল শুক্রবারও বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডা সড়কের পূর্বাংশের লেন অবরোধ করেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে বাড্ডা, রামপুরা সড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিক চৌধুরী বলেন, এ নিয়ে গত ১০-১২ দিনে গার্মেন্টসের কর্মীরা তিনবার রাস্তায় নামেন।