প্রকৌশলীকে লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার হবে :আইনমন্ত্রী

ঢাকার আশুলিয়া থানার অধীন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্তৃক ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার পদে কর্মরত এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শুক্রবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের একজন প্রকৌশলীকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্তৃক লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবি করা হলে আইনমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যাডার করার দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমি বিষয়টি এইমাত্র জেনেছি, তাই এ ব্যাপারে বুঝতে হবে। বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. শামসুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।