বাজেট বাস্তবায়নে চাই রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন

জাতীয় বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। এক প্রতিক্রিয়ায় আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খান জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট একটি সময়োপযোগী ও চ্যালেঞ্জিং। তবে বাজেটের বিভিন্ন সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে এর সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন দুরূহ মনে হলেও একেবারেই অসম্ভব নয়। অন্যদিকে বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক নির্ভরশীলতা বাড়ানো হলে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। পদ্মা বহুমুখী সেতু নির্মাণে যে সাহসী পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় এসেছে তা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছে। গতকাল এক প্রতিক্রিয়ায় আইবিএফবি’র পক্ষ থেকে আরো উল্লেখ করা হয়, বাজেটের সঠিক বাস্তবায়নে অন্যতম পূর্বশর্ত হচ্ছে সুশাসন। আইবিএফবি বিশ্বাস করে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের আমলাতন্ত্রের দক্ষতা বৃদ্ধি সম্ভব এবং বাজেটের সফল বাস্তবায়নে আমলাতন্ত্রের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০% হারে কর দিয়ে কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া হয়েছে যা দেশে দুর্নীতি প্রতিরোধ তথা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বাজেটের ইতিবাচক দিকগুলো বাস্তবায়নের অভাবে কোন সুফল বয়ে আনবে না। এতে আরো উল্লেখ করা হয়, বজেটের ঘাটতি মেটাতে শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ২৫,৯৯০ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ঋণ অর্থনীতিতে বড় ধরনের চাপ ফেলবে। যদি বৈদেশিক খাত হতে ঋণ পাওয়ার যে প্রাক্কলন করা হয়েছে তা না পাওয়া যায় তবে ব্যাংক থেকে সরকারের ঋণ আরো বেড়ে যেতে পারে। সে পরিস্থিতিতে অর্থনীতিতে আরো বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে এবং বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেছে আইবিএফবি। আমাদের দেশে পুঁজি বিনিয়োগ ও শিল্পের প্রসারে সবচেয়ে বড় বাধা হচ্ছে ব্যাংক ঋণের উচ্চহার যা গ্রহণযোগ্য মাত্রায় কমানো প্রয়োজন। আইবিএফবি মনে করে বেসরকারি বিনিয়োগ কেন ইপ্সিত গতি পাচ্ছে না তার কারণ অনুসন্ধান করে তা দূর করার ব্যবস্থা নেয়া জরুরি। মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালের শুল্ক কমানো দেশের শিল্পোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ। তবে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার টাকার পরিবর্তে ৩ লাখ টাকায় উন্নীত করলে আরো ভালো হতো বলে আইবিএফবি মনে করে।