জ্ঞান অর্জনে গবেষণার বিকল্প নেই

ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী বলেছেন, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে গবেষণার কোন বিকল্প নেই। কেননা একমাত্র গবেষণার মাধ্যমেই কোন বিষয়ে বিস্তারিত জানা সম্ভব এবং গবেষণাই পারে কোন বিষয়ে সঠিক তথ্য দিতে। বুধবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে জাতীয় সংসদের ইমপ্রুভিং ডেমোক্রেসি থ্রো পার্লামেন্টারি ডেভেলপমেন্ট (আইপিডি) প্রকল্প আয়োজিত ‘সংসদীয় গবেষণার উপর ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় কার্যক্রমে গবেষণা খুবই প্রয়োজনীয়। সংসদীয় বিতর্কসহ বাজেট আলোচনায় গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যান্য দেশের সংসদ ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতেও গবেষণার প্রয়োজন। অনুষ্ঠানে পার্লামেন্ট রিসার্চ প্রসিডিউর, স্টেনথেনিং লাইব্রেরি, রিসার্চ এন্ড ইনফরমেশন ইন দি পার্লামেন্ট অব বাংলাদেশ এবং রিসার্চ সার্ভিসেস ইন দি ইন্ডিয়ান পার্লামেন্ট বিষয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ভারত লোকসভার সাবেক সেক্রেটারি জেনারেল ও আইপিডি প্রকল্পে কনসালটেন্ট এস. গোপালান।