ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আজ

হোম অব ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ততা শুরু হতে এখনো প্রায় চারমাস বাকি। অক্টোবরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে সরব হয়ে উঠবে বাংলাদেশের ক্রিকেট। তবে এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না ক্রিকেটারদের। আজই কোচ শেন জার্গুনসেনের অধীনে ক্যাম্প করতে মাঠে নেমে পড়তে হচ্ছে তাদের। এই ক্যাম্পটির নাম দেয়া হয়েছে ফিটনেস ক্যাম্প। যদিও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে এই ট্রেনিং হবে তবে এখানে কোচের নজর থাকবে ক্রিকেটারদের ফিটনেসের দিকে। বিপিএল, শ্রীলংকা ও জিম্বাবুয়ে সফরে ক্রিকেটারদের ইনজুরি প্রমাণ করিয়ে দিচ্ছে তারা ফিট নন। কোচও ক্রিকেটারদের ফিটনেসের উপর সন্তুষ্ট নন। তাই আপাতত ফিটনেস ট্রেনিং করাবেন তিনি। ৩০ জনের একটি প্রাথমিক দল বাছাই করে তৈরি করা হয়েছে। এই তালিকার অনেকেই উপস্থিত থাকতে পারছেন না। কাউন্টি ক্রিকেট খেলার কারণে সাকিব আল হাসান, বিয়ের ব্যস্ততার কারণে তামিম ইকবাল থাকবেন না। সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে ফিটনেস ট্রেনিং।