ঢাকা ছেড়েছে আকসু দল
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২১:৫৭
তিনদিন অবস্থানের পর গতকাল বিকালে ঢাকা ত্যাগ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) দুই সদস্যের দল। এবার অত্যন্ত বিস্ময়করভাবে নিজেদের তদন্ত সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে পেরেছে আকসু; বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নাকি অন্ধকারে আছে তাদের এই সফরের কর্মকাণ্ড নিয়ে! তারপরও সংশ্লিষ্ট কিছু সূত্র বলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কর্মকর্তাদের এবং দুইজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। জিজ্ঞাসাবাদ পর্ব আপাতত এখানেই শেষ করে এখন আকসু রিপোর্ট দেবে বলেই অনুমান করা হচ্ছে। আর সেটা হতে পারে আগামী সপ্তাহেই।
জানা গেছে, আকসুর রিপোর্টে মোহাম্মদ আশরাফুল, ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যান ও কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে। কিন্তু কালও ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যান সেলিম চৌধুরি জোর গলায় বললেন, ‘আমার কিংবা আমাদের দলের এমন কারো সম্বন্ধে কিছুই থাকবে না রিপোর্টে। আমরা স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত নই।’
আকসুর দুই কর্মকর্তা ঢাকায় আসার আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যানের সাথে দুবাইতে দেখা করে এসেছেন। এটি স্বীকারও করেছেন দলটির চেয়ারম্যান। তবে আকসু তাকে কি জিজ্ঞাসা করেছে এ বিষয়ে কিছুই বলতে চাননি। জানা গেছে, ঢাকা গ্ল্যাডিয়েটরসের চেয়ারম্যানের কাছে দলের সম্বন্ধে, সেদিনের ম্যাচ সম্বন্ধে, দলের ক্রিকেটারদের সম্বন্ধে জানতে চেয়েছে। আকসুর কাছে মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তির পরই ক্রীড়াঙ্গন নাড়াচাড়া দিয়ে ওঠে। বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস এখনো বিশ্বাস করতে পারছে না কেন আশরাফুল এ ধরনের কথাবার্তা বলল। নাম প্রকাশে অনিচ্ছুক গ্ল্যাডিয়েটরসের এক কর্মকর্তা বলেন, ‘আশরাফুল যেহেতু ২০০৪ সাল থেকে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত; তাই আকসুর কর্মকর্তা এমন কিছু প্রমাণ তার সামনে রেখেছেন হয়তো আশরাফুল ভয়েই সব বলে ফেলেছেন। নয়তো এভাবে আশরাফুল এই কথাগুলো বলতে পারতো না।’